এশিয়ান ইউথ গেমসে ব্রোঞ্জ জিতে ভারতের মুখ উজ্জ্বল করল মালদার পলাশ মণ্ডল

Spread the love

মালদা, ২ নভেম্বর:
ভারতের হয়ে এশিয়ান ইউথ গেমসে ব্রোঞ্জ পদক জিতে মালদা জেলার নাম উজ্জ্বল করল পলাশ মণ্ডল। বাহারাইনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ৫০০০ মিটার হাঁটায় ২৪ মিনিট ৪৮ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় স্থান অধিকার করে সে। প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করে চীনের দুই প্রতিযোগী।

রবিবার সকালে মালদা ক্লাবের উদ্যোগে এই কৃতি খেলোয়াড়কে সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তথা ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, ওয়েস্ট বেঙ্গল স্টেট স্পোর্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দেবব্রত সাহা, মালদা ক্লাবের সদস্য কিশোর ভগত, পদকজয়ী খেলোয়াড়ের কোচ অমিত রায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা।

এদিন পলাশকে উত্তরীয় পরিয়ে ও ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানের পরিবেশ ছিল গর্ব ও আবেগে ভরপুর।

মাত্র দশম শ্রেণির ছাত্র পলাশ মণ্ডল মালদা জেলার ইংরেজবাজার ব্লকের কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের বাহান্ন বিঘা গ্রামের বাসিন্দা। সে পড়াশোনা করে বিভূতিভূষণ উচ্চ বিদ্যালয়ে। তার বাবা গয়া মণ্ডল একজন সবজি বিক্রেতা। পরিবারের আর্থিক সীমাবদ্ধতা সত্ত্বেও কঠোর পরিশ্রম ও আত্মবিশ্বাসের জোরে আজ দেশকে গর্বিত করেছে পলাশ।

তার এই সাফল্যে গোটা মালদা জেলায় আনন্দের ঢেউ। ভবিষ্যতে আরও বড় সাফল্য কামনা করে শুভেচ্ছা জানিয়েছেন মালদা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী।

সম্বর্ধনা পেয়ে আপ্লুত পলাশ জানায়,

“এই সাফল্য আমার দেশের, আমার কোচের, আর আমার পরিবারের। সামনে আরও বড় লক্ষ্যে এগোতে চাই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *