৫.৩৪ লক্ষ কোটি উধাও! নয়া ফিচার-ডিজাইনে iPhone 17 সিরিজ

Spread the love

অ্যাপলপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটেছে। নানা জল্পনা-কল্পনা ও গুঞ্জনের পর অ্যাপল আনুষ্ঠানিকভাবে লঞ্চ করেছে বহু আলোচিত, নতুন প্রজন্মের আইফোন ১৭ সিরিজ।মঙ্গলবার রাতে ক্যালিফোর্নিয়ার কুপার্টিনোতে অবস্থিত অ্যাপল পার্কে আয়োজিত ‘অ্যাওয়ে ড্রপিং’ ইভেন্টে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করা হয় এই নতুন ফ্ল্যাগশিপ স্মার্ট ফোনের মডেলগুলি।তবে প্রযুক্তি বিশ্লেষকেরা অ্যাপলের এই পদক্ষেপে সন্তুষ্ট হলেও নতুন উদ্ভাবনগুলি তাৎক্ষণিকভাবে শেয়ার বাজারে ইতিবাচক প্রতিক্রিয়া আনেনি।

অ্যাপল দীর্ঘদিন পর আইফোনের বড় ধরনের নতুন মডেল নিয়ে হাজির হয়েছে। অনুষ্ঠানটি ছিল হার্ডওয়্যার-নির্ভর, যেখানে নতুন এয়ারপডস প্রো ৩ এবং তিনটি অ্যাপল স্মার্টওয়াচ মডেলের ঘোষণা করে। কিন্তু মঙ্গলবার অনুষ্ঠান শেষ হওয়ার পর অ্যাপলের শেয়ারের দাম প্রায় ১.৭ শতাংশ কমে ২৩৪ ডলারে নেমে আসে। যার জেরে কয়েক মিনিটের মধ্যেই মার্কিন টেক জায়ান্টের ৫.৩৪ লক্ষ কোটি টাকারও বেশি ক্ষতি হয়। শুধু তাই নয়, কোম্পানির বাজার মূল্য ৩,৫৩ ট্রিলিয়ন ডলার থেকে প্রায় ৩.৪৬ ট্রিলিয়ন ডলারে নেমে এসেছে। পাশাপাশি এই বছর অ্যাপলের শেয়ারের দাম ৬.৫ শতাংশেরও বেশি কমেছে।

আইফোন ১৭ সিরিজে চারটি মডেল

আইফোন ১৭

আইফোন ১৭ প্রো

আইফোন ১৭ প্রো ম্যাক্স

নতুন সংযোজন আইফোন ১৭ এয়ার

সব মডেলেই আগের তুলনায় আরও টেকসই ‘সিরামিক শিল্ড’ ডিসপ্লে ব্যবহৃত হয়েছে। আইফোন ১৭ প্রোর ডিজাইন সম্পূর্ণ নতুন করে তৈরি করা হয়েছে। কারণ এতে যুক্ত হয়েছে শক্তিশালী ব্যাটারি, বেশি মেমোরি। আইফোন এয়ার মডেলটি তৈরি হয়েছে ‘স্পেসক্রাফট টাইটানিয়াম’ দিয়ে, যার পুরুত্ব মাত্র ৫.৬ মিলিমিটার। আইফোন ১৭ এয়ারে থাকবে ‘সারা দিন চলার মতো ব্যাটারি লাইফ’। যদিও নির্দিষ্ট ঘণ্টা উল্লেখ করা হয়নি।নতুন আইফোন সিরিজের ফোনগুলিতে প্রমোশন ডিসপ্লে রয়েছে। এছাড়াও ইউজাররা পাবেন ১৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর এবং ৪৮ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা ইউনিট। আইফোন ১৭ প্রো, আইফোন ১৭ প্রো ম্যাক্স এবং আইফোন এয়ার- এই তিন ফোনে রয়েছে এ১৯ প্রো চিপ রয়েছে। অন্যদিকে, আইফোন ১৭ মডেলে রয়েছে এ১৯ চিপসেট।

ভারত ছাড়াও ৬৩টির বেশি দেশ যেমন- অস্ট্রেলিয়া, কানাডা, চিন, কলম্বিয়া, ফ্রান্স, জার্মানি, জাপান, মালয়েশিয়া, মেক্সিকো, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, তুরস্ক, সংযুক্ত আরব আমির শাহী, ইউনাইটেড কিংডম, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভিয়েতনাম থেকে গ্রাহকরা আইফোন ১৭ সিরিজের চারটি ফোনের জন্যই ১২ সেপ্টেম্বর থেকে প্রি-অর্ডার করার সুযোগ পাবেন। ভারতের মতো এই সব দেশেও ১৯ সেপ্টেম্বর থেকে নতুন আইফোন সিরিজের বিক্রি শুরু হবে। অন্যান্য দেশে আইফোন ১৭ সিরিজের বিক্রি শুরু হবে ২৬ সেপ্টেম্বর থেকে। অ্যাপেলের ওয়েবসাইট থেকে প্রি-অর্ডার করা যাবে আইফোন ১৭ সিরিজের ফোনগুলির। ৬ মাসের জন্য নো-কস্ট ইএমআই অপশন দেওয়া হবে ক্রেতাদের জন্য। আমেরিকান এক্সপ্রেস, অ্যাক্সিস ব্যাঙ্ক, আইসিআই ব্যাঙ্কের কার্ড ব্যবহার করলে ক্রেতারা ৫০০০ টাকা পর্যন্ত ছাড় পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *