
ঢাকা-দিল্লির সম্পর্কের পুনর্জাগরণ ঘটাতে হলে সত্যিকার অর্থেই খোলামেলা আলোচনা শুরু করতে হবে বলে মনে করেন ভারতের ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক বিভাগের অধ্যাপক শ্রীরাধা দত্ত। তিনি বলেছেন, বাংলাদেশের কারণে নয়, বরং শেখ হাসিনা–পরবর্তী সময়ে ভারতের জাতীয় স্বার্থ কীভাবে সুরক্ষিত হবে, সেটি বুঝতে না পারায় ঢাকা–দিল্লির সম্পর্ক এখন ‘স্লিপ মোডে’ (শীতল অবস্থা)। গত ৫০ বছরে বাংলাদেশ ও ভারতের মধ্যে সত্যিকার অর্থেই খোলামেলা আলোচনা কখনো হয়নি বলেও মনে করেন তিনি।
শুক্রবার রাজধানীর একটি হোটেলে ‘বেঙ্গল ডেল্টা কনফারেন্স ২০২৫’–এ একক বৃক্ততায় শ্রীরাধা দত্ত এ মন্তব্য করেছেন। তিনি ‘বাংলাদেশ–ভারত সম্পর্কের রাজনৈতিক প্রভাব: মুক্তিযুদ্ধ থেকে জুলাই অভ্যুত্থান’ শিরোনামে প্রায় ১৫ মিনিট বক্তৃতা করেন। ওই বক্তৃতার পর শ্রোতাদের কাছ থেকে অবশ্য কোনো প্রশ্ন নেওয়া হয়নি।