
মালদা, 31 অক্টোবর:
মালদার নতুন জেলাশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন প্রীতি গোয়েল। বৃহস্পতিবার দুপুরে মালদা জেলা প্রশাসনিক ভবনে এক সরল অনুষ্ঠানের মধ্য দিয়ে তিনি দায়িত্ব নেন। আগের জেলাশাসক নীতিন সিংহানিয়া ফুলের তোড়া দিয়ে নতুন জেলাশাসককে স্বাগত জানান এবং দায়িত্ব হস্তান্তর করেন।
এদিন দুই জেলাশাসক নিজ নিজ অফিসে সৌজন্য সাক্ষাৎ করেন। রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের সদস্যরাও নতুন ও পুরনো দুই জেলাশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। তবে নীতিন সিংহানিয়ার বদলির খবরে তৃণমূল পরিচালিত কর্মচারী সংগঠনের বহু সদস্য আবেগাপ্লুত হয়ে পড়েন এবং কালেক্টরেট চত্বরে সমবেত হন।
উল্লেখ্য, ২০২২ সাল থেকে মালদার জেলাশাসক হিসেবে দায়িত্ব সামলেছেন নীতিন সিংহানিয়া। তাঁকে এখন মুর্শিদাবাদের জেলাশাসক হিসাবে স্থানান্তর করা হয়েছে। অন্যদিকে, নতুন জেলাশাসক প্রীতি গোয়েল পূর্বে দার্জিলিং জেলার জেলাশাসক ছিলেন।